রামিসা হত্যাকাণ্ড, গণমাধ্যমের ভূমিকা এবং ন্যায়বিচারের আইনি দর্শন: একটি পর্যালোচনা
মো: আজাদুর রহমান|প্রকাশিত: ১৫ জুন, ২০২৬ এ ৫:৪১ PM
শেয়ার:

সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত ও বেদনাবিধুর ঘটনা রামিসা হত্যাকাণ্ড। এই নির্মম ও পৈশাচিক ঘটনাটি পুরো জাতির বিবেককে গভীরভাবে নাড়া দিয়েছে। একজন নিরপরাধ শিশুর এমন করুণ মৃত্যুতে দেশের সাধারণ মানুষের মনে যে ক্ষোভ, বেদনা ও কান্নার সৃষ্টি হয়েছে, তা কেবল স্বাভাবিকই নয়, বরং একটি জীবন্ত ও মানবিক সমাজের লক্ষণ। জনমানুষের এই আবেগকে আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি। ইতোমধ্যে মহামান্য আদালত এই মামলার রায় ঘোষণা করেছেন এবং আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে দোষীদের সাজা নিশ্চিত করা হয়েছে। রায় ঘোষণার পর এখন সময় এসেছে পুরো প্রক্রিয়াটি, বিশেষ করে গণমাধ্যমের ভূমিকা এবং আমাদের আইনি কাঠামোর অন্তর্নিহিত দর্শনগুলোকে শান্ত মস্তিস্কে বিশ্লেষণ করার।
যেকোনো চাঞ্চল্যকর অপরাধের ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। রামিসা হত্যাকাণ্ডের মতো ঘটনাগুলোতে প্রাথমিক পর্যায়ে মিডিয়া বা গণমাধ্যম যে ভূমিকা পালন করে, তা অত্যন্ত ইতিবাচক এবং জরুরি। আমাদের মতো উন্নয়নশীল দেশের আর্থ-সামাজিক বাস্তবতায় অনেক সময় প্রভাবশালী অপরাধীরা আইনের ফাঁক গলে বেরিয়ে যাওয়ার বা ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এই পর্যায়ে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো জনসচেতনতা তৈরি করে এবং প্রশাসনের ওপর এক ধরনের ইতিবাচক চাপ সৃষ্টি করে।
তদন্তকারী সংস্থাগুলো যেন কোনোভাবেই কর্তব্যে অবহেলা করতে না পারে, তা নিশ্চিত করতে মিডিয়ার আলো বা স্পটলাইট দারুণ কাজ করে। রামিসা হত্যাকাণ্ডের ক্ষেত্রেও আমরা দেখেছি, সাধারণ মানুষের আবেগ ও গণমাধ্যমের ধারাবাহিক প্রতিবেদনের কারণেই অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। ইনভেস্টিগেটিভ জার্নালিজম বা অনুসন্ধানী সাংবাদিকতা অনেক সময় তদন্তকারী কর্মকর্তাদের নতুন সূত্র বা ক্লু দিয়ে সাহায্য করে, যা মামলার বস্তুনিষ্ঠ তদন্তে সহায়ক হয়।
গণমাধ্যমের এই ইতিবাচক ভূমিকার পাশাপাশি এর একটি নেতিবাচক দিকও রয়েছে, যাকে আইনবিজ্ঞানের ভাষায় মিডিয়া ট্রায়াল বলা হয়। প্রাথমিক পর্যায়ে সত্য উন্মোচনে মিডিয়ার ভূমিকা প্রশংসনীয় হলেও, তদন্ত চলাকালে বা মহামান্য আদালতে বিচার প্রক্রিয়া শুরু হওয়ার আগেই যখন মিডিয়া নিজেই সমান্তরাল আদালত বসিয়ে কাউকে দোষী সাব্যস্ত করে ফেলে, তখন তা বিচার ব্যবস্থার জন্য হুমকিস্বরূপ হয়ে দাঁড়ায়।
জনগণের প্রবল আবেগের স্রোতে গা ভাসিয়ে অনেক সময় অসমর্থিত তথ্য ও গুজব ছড়িয়ে পড়ে। এই উন্মাদনা তদন্তকারী কর্মকর্তা এবং সম্মানীত বিচারকদের ওপর এক ধরনের অদৃশ্য মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করে। মহামান্য আদালত সম্পূর্ণ স্বাধীনভাবে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে রায় দেবেন, এটাই সংবিধানের মূল কথা। কিন্তু মিডিয়া ট্রায়ালের কারণে জনমনে আগেই একটি রায় প্রতিষ্ঠিত হয়ে যায়। পরবর্তীতে মহামান্য আদালত যদি আইনি নথিপত্র ও সাক্ষ্য-প্রমাণের অভাবে ভিন্ন কোনো রায় দেন, তখন বিচার ব্যবস্থার ওপর সাধারণ মানুষের অনাস্থা তৈরি হয়। এছাড়া, অতি-উৎসাহী কভারেজের ফলে অনেক সময় মামলার গুরুত্বপূর্ণ প্রমাণ নষ্ট হওয়ার বা সাক্ষীদের প্রভাবিত হওয়ার আশঙ্কা থাকে।
জনমনে একটি সাধারণ ও আবেগী প্রশ্ন প্রায়শই ওঠে— যে ব্যক্তি এত জঘন্য অপরাধ করেছে, তার আবার অধিকার কীসের? কিন্তু আধুনিক আইন ও বাংলাদেশ সংবিধান আবেগ দিয়ে নয়, বরং শাশ্বত যুক্তির ওপর দাঁড়িয়ে আছে।
সংবিধানের ৩১, ৩২ এবং ৩৫ অনুচ্ছেদ অনুযায়ী, আইনের আশ্রয় লাভ করা এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাওয়া প্রতিটি নাগরিকের অবিচ্ছেদ্য মৌলিক অধিকার। ফৌজদারি বিচার ব্যবস্থার একটি সর্বজনীন মূলনীতি হলো— Presumption of Innocence বা প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্ত ব্যক্তি নির্দোষ। একজন ব্যক্তি যত বড় অপরাধের সাথেই যুক্ত থাকুক না কেন, মহামান্য আদালতের চূড়ান্ত রায়ের আগ পর্যন্ত তাকে আইনিভাবে অপরাধী বলার বা তার অধিকার হরণ করার কোনো সুযোগ নেই। রাষ্ট্রীয় বিচার ব্যবস্থা কোনো প্রতিশোধমূলক ব্যবস্থা নয়। প্রতিশোধ নেয় উত্তেজিত জনতা, আর সুবিচার নিশ্চিত করে রাষ্ট্র ও আইন। একটি সভ্য সমাজে আইনের শাসন বজায় রাখার জন্য এই নীতিটি অপরিহার্য, অন্যথায় যে কাউকে যেকোনো সময় মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে সমাজকে অস্থিতিশীল করে তোলা সম্ভব।
রামিসা হত্যাকাণ্ডের পর সাধারণ মানুষের সবচেয়ে বড় দাবি ছিল— সব তো দেখাই যাচ্ছে, তাহলে দ্রুত ফাঁসি দেওয়া হচ্ছে না কেন? এখানে স্মরণ করতে হবে আইনশাস্ত্রের সেই বিখ্যাত প্রবাদ— Justice delayed is justice denied, কিন্তু এর সমান্তরালে আরেকটি ধ্রুপদী নীতি হলো, Justice hurried is justice buried.
জনতুষ্টির জন্য বা আবেগের বশবর্তী হয়ে যদি তাড়াহুড়ো করে আইনি প্রক্রিয়ার কোনো ধাপ এড়িয়ে সাজা দেওয়া হয়, তবে তা ন্যায়বিচার নয়, বরং তা বিচারিক হত্যার শামিল হতে পারে। আইনি প্রক্রিয়ার প্রতিটি ধাপ— যেমন চার্জশিট গঠন, সাক্ষ্য গ্রহণ, জেরা এবং যুক্তিতর্ক— অত্যন্ত সতর্কতার সাথে সম্পন্ন করতে হয়। তাড়াহুড়ো করে বিচারিক আদালত কোনো রায় দিলে, পরবর্তীতে মহামান্য আপিল বিভাগ বা Appellate Division-এ সেই রায় আইনি ত্রুটির কারণে বাতিল হয়ে যেতে পারে।
অনেকে বিস্ময় প্রকাশ করেন, সম্মানীত বিচারক যদি নিজের চোখেও কাউকে খুন করতে দেখেন, তবু তিনি কেন সাথে সাথে সাজা দিতে পারেন না? এর উত্তর লুকিয়ে আছে ন্যাচারাল জাস্টিস বা প্রাকৃতিক ন্যায়বিচারের নীতি— Nemo judex in causa sua (কেউ নিজের মামলায় নিজে বিচারক হতে পারবে না) এর মধ্যে।
সম্মানীত বিচারক যখন নিজ চোখে একটি অপরাধ সংঘটিত হতে দেখেন, তখন তিনি আর বিচারক থাকেন না, তিনি ওই ঘটনার একজন সাক্ষী হয়ে যান। বিচার ব্যবস্থায় যিনি সাক্ষী, তিনি কখনোই ওই মামলার বিচারক হতে পারেন না। উনাকে তখন কাঠগড়ায় দাঁড়িয়ে অন্য একজন সম্মানীত বিচারকের সামনে সাক্ষ্য দিতে হবে এবং অভিযুক্তের আইনজীবীকে সুযোগ দিতে হবে সেই সাক্ষীকে জেরা করার। এই কঠোর নিয়মের উদ্দেশ্য একটাই— অভিযুক্তের প্রতি যেন তিলমাত্র অবিচার না হয়।
রামিসা হত্যাকাণ্ডের আসামিরা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা অনুযায়ী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল। সাধারণ মানুষের মনে প্রশ্ন ছিল, আসামি নিজে দোষ স্বীকার করার পরও কেন বিচার শেষ হতে সময় লাগছে?
আইনের চোখে শুধুমাত্র একটি স্বীকারোক্তির ভিত্তিতে কাউকে মৃত্যুদণ্ড বা চূড়ান্ত সাজা দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সম্মানীত বিচারককে অত্যন্ত সতর্কতার সাথে দেখতে হয় এই জবানবন্দিটি স্বেচ্ছায় এবং সত্য কিনা। পুলিশ রিমান্ডে শারীরিক বা মানসিক নির্যাতনের ভয়ে আসামি এমন জবানবন্দি দিচ্ছে কিনা, তা যাচাই করা বিচারিক দায়িত্ব। আসামির যেকোনো সময় তার এই স্বীকারোক্তি প্রত্যাহারের অধিকার রয়েছে। তাই শুধুমাত্র ১৬৪ ধারার জবানবন্দির ওপর ভিত্তি করে বিচার শেষ করা যায় না। এই জবানবন্দির সাথে অন্যান্য পারিপার্শ্বিক সাক্ষ্য-প্রমাণ, ফরেনসিক রিপোর্ট এবং সুরতহাল রিপোর্টের মিল মহামান্য আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে হয়।
আইনশাস্ত্রের অন্যতম স্তম্ভ হলো— Justice must not only be done, but must also be seen to be done. অর্থাৎ, ন্যায়বিচার কেবল করলেই হবে না, তা যে করা হয়েছে তা দৃশ্যমান হতে হবে। বন্ধ দরজার পেছনে বা তড়িঘড়ি করে রায় দিলে মানুষের মনে এবং আসামিপক্ষের মনে সন্দেহ থেকে যায়। আসামিপক্ষ যেন আত্মপক্ষ সমর্থনের পূর্ণ সুযোগ পায়, তা নিশ্চিত করেই রায় দিতে হয়।
ইসলামী শরিয়াহ আইনেও ন্যায়বিচার বা আদল প্রতিষ্ঠায় সাক্ষ্য-প্রমাণের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলামী ফৌজদারি আইন অত্যন্ত কঠোর হলেও, এই শাস্তি প্রমাণের শর্তগুলো আরও বেশি কঠোর। কাউকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড বা কিসাস দিতে হলে অত্যন্ত নির্ভরযোগ্য প্রত্যক্ষদর্শী সাক্ষীর প্রয়োজন হয়। যদি সামান্যতম সন্দেহ থাকে, তবে কিসাসের শাস্তি রহিত হয়ে যায়।
রামিসা হত্যাকাণ্ডের রায় আমাদের বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় করেছে। এই ঘটনা আমাদের শিখিয়েছে যে, আবেগ এবং জনদাবি একটি ঘটনার বিচার কাজ শুরু করতে সহায়ক হলেও, চূড়ান্ত বিচার প্রক্রিয়ায় যুক্তি, আইন এবং সাংবিধানিক অধিকারকেই প্রাধান্য দিতে হয়। গণমাধ্যমের দায়িত্বশীলতা এবং আইনি কাঠামোর প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধাবোধই পারে ভবিষ্যতে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণ করতে। ন্যায়বিচার তাড়াহুড়োর বিষয় নয়, এটি একটি পবিত্র ও নিখুঁত প্রক্রিয়া, যা আবেগ নয়, কেবলই সত্য ও আইনের আলোয় পরিচালিত হয়।
বিষয়:মতামত